শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

‘সুখের খোঁজে’ সংসার ভাঙল ফারিয়ার

 




পরিচ্ছন্ন অভিনয়শিল্পী হিসেবে প্রীতি কুড়িয়েছিলেন শবনম ফারিয়া। বেশ কিছু কাজের পর ‘দেবী’ ছবিতে অন্য রকম এক চরিত্রে পাওয়া গিয়েছিল তাঁকে। টেলিভিশন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ স্বরূপে তাঁকে ফিরিয়ে দিয়েছিল ভক্তদের কাছে। তাঁর বিয়ের খবরে কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, ‘ক্রাইসিস’ আসবে হাস্যোজ্জ্বল ফারিয়ার জীবনে। বিচ্ছেদের পথে হাঁটতে হবে তাঁকেও। তবে এই বিচ্ছেদকে ‘ক্রাইসিস’ নয়, ইতিবাচকভাবে দেখছেন ফারিয়া। ফেসবুকে এক যৌথ বিবৃতি দিয়ে সেটা খোলাসা করেছেন তাঁরা, ‘যে সুখের জন্য আলাদা হলাম, সেই সুখ যেন আমরা খুঁজে পাই।’

বিয়ের আসরে অপু ও ফারিয়া। ছবি : সংগৃহীত
বিয়ের আসরে অপু ও ফারিয়া। ছবি : সংগৃহীত

২০১৫ সালে ফেসবুকে ফারিয়া-অপুর পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁরা আংটি বদল করেন। গত বছরের পয়লা ফেব্রুয়ারি জমকালো আনুষ্ঠানিকতায় বিয়ে হয় অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর। মিরপুর ক্যান্টনমেন্টের চোখজুড়ানো অবকাশযাপন কেন্দ্র ‘জল-জোছনা’য় খোলা আকাশের নিচে ছিল তাঁদের বিয়ের নান্দনিক আয়োজন। আনুষ্ঠানিক বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হলেন তাঁরা। গতকাল শুক্রবার বিচ্ছেদপত্রে সই করেন দুজন। কেন এমন হলো? জানতে চাইলে প্রথম আলোকে ফারিয়া বলেন, ‘সমস্যা যতটা না আমাদের দুজনের, তার চেয়ে বেশি আমাদের দুই পরিবারের। আমার বাবা নেই, মাকে নিয়ে আমার পরিবার। তার ওপর আমি বিনোদন অঙ্গনে কাজ করি। আর দশজন মেয়ের বিবাহবিচ্ছেদ আর আমার বিবাহবিচ্ছেদ একেবারে ভিন্ন। আমি একটা মেয়ে, আমাদের সমাজ মেয়েদের দোষটাই আগে দেখবে জানি। সে কারণে অনেকভাবে চেষ্টা করেছি, যাতে সংসারটা টেকে। কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি।’


শেয়ার করুন