জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

পণ্য বিক্রিতে অনিয়ম : ৩৮ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

পণ্য বিক্রিতে অনিয়ম : ৩৮ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

 

সারাদেশে ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তার স্বার্থবিরোধী অপরাধে ৩৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে মাস্কসহ আলু, চাল, পেঁয়াজ, ভোজ্য তেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করেন তারা।

jagonews24

এ সময় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৩৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৮ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজার তদারকিকালে মাস্ক, চাল, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রশিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান মহাপরিচালক

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

১৫ নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান

১৫ নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান

 


১৫ নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সন্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুল আলম ভাই এর পক্ষ থেকে ইউনিয়নবাসীকে জানাই আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দেব : প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দেব : প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ কৃষি নির্ভর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। আমরা এ কৃষিকে গুরুত্ব দিচ্ছি। কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য কৃষককে যন্ত্রপাতি দিয়েছি। ৭০ হাজার যন্ত্রপাতি কৃষকদের দেয়া হয়েছে। বিশাল অংকের টাকাও দিয়েছি। যখন যা প্রয়োজন দিয়েছি, কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দিব।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত আবিস্কারের বিকল্প নেই। এজন্য গবেষণা অধিকতর গুরুত্বপূর্ণ। তাই আমরা গবেষকদের প্রণোদনা দিতে চাই। প্রণোদনা দেয়ার উপায় বাতলে দিতে কৃষি বিজ্ঞানীদের আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর প্রকাশনা উৎসবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উৎসবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন নতুন কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে নিজেদের বাজার ধরে রাখতে হবে। দেশের চাহিদা পূরণ করে বাইরেও রফতানি করতে হবে। এজন্য স্বল্পখরচে বেশি ফলদায়ক পণ্য আবিস্কার ও চাষাবাদে মনোযোগী হতে হবে। এজন্য গবেষণাটা বেশি গুরুত্বপূর্ণ। গবেষণা বাড়াতে বিজ্ঞানীদের প্রণোদনা দিতে চাই। এজন্য আমি উপায় খুঁজেছি, পাইনি। আপনারা এ বিষয়ে পরামর্শ দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য কৃষি গুরুত্বপূর্ণ। আপনাদের (বিজ্ঞানী) উদ্ভাবনের জন্য ধন্যবাদ। আপনাদের উদ্ভাবনের অতিগুরুত্বপূর্ণ ১০০টি জাত নিয়ে এটলাস প্রকাশ করেছেন, একটা ভালো উদ্যোগ। এটি ভবিষ্যতের জন্য কাজে লাগবে। অন্যরা উপকার পাবে।

এ সময় তার সরকারের কৃষি উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন, তার শুরুটা জাতির পিতাই করে গেছেন। বীজ তিনিই বপন করেছেন। আমরা ১৯৯৬ ক্ষমতায় এসেও সে কাজ চলমান রেখেছি। এখনও সে কাজ করে যাচ্ছি। কৃষির উন্নয়নে নানা আইন, অর্থ বরাদ্দ, গবেষণাগার ও কৃষি বিশ্ববিদ্যালয় করেছি।

জাতির পিতা বলেছেন, আমার মাটি এত উর্বর সেখানে বীজ পড়লেই গাছ হয়, ফল হয়। এই যায়গার মানুষ কেনো না খেয়ে থাকবে? আমিও বলেছি, কোনো এলাকায় কোন ফল ভালো হয়, এর একটা ম্যাপিং প্ল্যান দরকার। এখানে অল্প খরচে একেক এলাকায় একেক ফল ভালো হতে পারে। অল্পখরচে অধিক লাভবান হবো, এমন কিছু পণ্য গবেষণা করে বের করতে হবে। সংশ্লিষ্ট এলকার মাটির উর্বরতা, পানির সরবরাহ, আবহাওয়া ও জলবায়ু পরিবেশ বিবেচনায় একটা ভালো গবেষণা করে পরিকল্পনা করা দরকার।

তিনি আরও বলেন, করোনায় ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা সাহায্য দিয়েছি। এ ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দিচ্ছি। এই করোনায় কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে ধান কাটিয়ে বাড়িতে তোলারও ব্যবস্থা করেছি। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে স্বগত বক্তব্য দেন কৃষি সচিব মেসবাউল ইসলাম, আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, সফল কৃষক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে : প্রধানমন্ত্রী

দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে : প্রধানমন্ত্রী

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে-বিদেশে নানা অপপ্রচার হচ্ছে, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।’

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণকাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ ঘরগুলো হস্তান্তর করা হবে।’

রেওয়াজ অনুযায়ী অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যের আগে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। এবারের অধিবেশনে একদিনও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে দেখা যায়নি। জিএম কাদের করোনা আক্রান্ত হলেও এখন তিনি করোনামুক্ত।

সমাপনী ভাষণে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির কথা তুলে ধরে বলেন, ‘এ অধিবেশন করোনার সময়ে চলছে। যার জন্য হয়তো সব সংসদ সদস্যকে একই সঙ্গে আনা সম্ভব হচ্ছে না। আমাদের বিরোধীদলীয় নেতার এখানে আসার কথা ছিল। কিন্তু তার বাসায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জনগণের কথা চিন্তা করে এখানে আসেননি। আমরা তার বক্তৃতা শুনতে পারলাম না এজন্য আমি দুঃখিত, কিন্তু তার ভেতর যে জনগণের প্রতি কল্যাণমূলক চিন্তা তার জন্য তাকে ধন্যবাদ। তিনি এলে ভালো হতো আমরা তার বক্তব্যও শুনতে পেতাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে এত কথা অথচ এরকম একটা কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো দিতেই পারলো না। উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে। জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে কেউ উঠবেন না। তাহলে নদীটা পার হবে কিসে? যদি নৌপথে যেতে হয় তাহলে নৌকায় যেতে হবে। উপায় তো নেই। নৌকায় চড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নৌকা অনেক বড়, কোনো অসুবিধে নেই। আমাদের নৌকা অনেক বড় সবাইকে নেব, তবে দেখে নেব কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটো না করে।’

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

করোনায় ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, শনাক্ত ৪৪৩

করোনায় ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, শনাক্ত ৪৪৩

 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জন ৯ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৩৭ জনে।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে দাঁড়াল।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক শূন্য ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৬৬ জন (৭৫ দশমিক ৭৮ শতাংশ) ও নারী ১ হাজার ৯৭১ জন (২৪ দশমিক শূন্য ২২ শতাংশ)।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। বিভাগওয়ারী হিসাবে, ১০ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম একজন, বরিশাল একজন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, বলিভিয়াও চেয়েছে

হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, বলিভিয়াও চেয়েছে

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনার টিকা চেয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে চেয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

দশম গ্রেড চান ইউনিয়ন পরিষদ সচিবরা

দশম গ্রেড চান ইউনিয়ন পরিষদ সচিবরা

 

ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা দশম গ্রেড পাওয়ার দাবি জানিয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এ দাবি করা হয়।

সভায় বাপসার সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বলেন, ‘সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ সচিবদের প্রাণের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।’

তাদের দাবি সরকার দ্রুত মেনে না নিলে আন্দোলন করার চিন্তাও করছে বাপসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ সচিব সভায় অংশ নেন।

সভায় বাপসার সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিনসহ কমিটির অন্যান্যরাও তাদের বক্তব্য তুলে ধরেন।

শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

 

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা চলবে এ ভোটগ্রহণ। তৃতীয় ধাপে সবগুলো পৌরসভায় ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারের মাধ্যমে। 

এ ধাপে ৬৪ পৌরসভায় ভোটের তফসিল হলেও আইনগত জটিলতা থাকায় পাবনার সুজানগর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোটের প্রয়োজন হচ্ছে না।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ৬২টি পৌরসভায় ২২৯ জন মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাছাড়া ইতোমধ্যে তৃতীয় ধাপে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া– এই পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া নয়জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ২৫ জন সাধারণ কাউন্সিলর পদেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ইতোমধ্যে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। ভোটের দিন চার স্তরের নিরাপত্তা থাকবে।

আর ৬২টি পৌরসভায় ৬২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মোট পাঁচ দিনের জন্য নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকাগুলোয় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। আগামী রোববার (৩১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১২টা থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে লঞ্চ, ইঞ্জিলচালিত সবধরনের নৌ-যান ও স্পিডবোট বন্ধ থাকবে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা ভোটাররা চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল করতে পারবে।

যে ৬২টি পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- দিনাজপুরের হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, কুড়িগ্রামের উলিপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার ধুনট, শিবগঞ্জ, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নওগাঁর সদর ও ধামইরহাট, রাজশাহীর মুন্ডুমালা ও কেশরহাট, নাটোরের সিংড়া, পাবনা সদর, চুয়াডাঙ্গার সদর ও দর্শনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর, যশোরের মনিরামপুর, নড়াইলের সদর ও কালিয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কলারোয়া, বরগুনার সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠী, টাঙ্গাইলের সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ী, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার দূর্গাপুর, কিশোরগঞ্জের কটিয়াদী, মুন্সীগঞ্জের সদর, রাজবাড়ীর পাংশা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা, সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, মৌলভীবাজারের সদর, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর সদর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ।

পাবনার সুজানগর পৌরসভার ভোট বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।

করোনা : প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

করোনা : প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত বছরের ৮ মে সাতজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জনে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবরেটরিতে ১২হাজার ২৭৯টি নমুনা সংগ্রহ ও ১২হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি।

একই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও ৪৫৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হন ৪১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

মৃত ৭ জনের মধ্যে পুরুষ ছয়জন ও নারী একজন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন ও বাসায় একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

মোট মৃত ৮ হাজার ৯৪ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ১৩৩ (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৬১ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব পাঁচজন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে মৃত সাতজনের মধ্যে ঢাকায় তিনজন, চট্টগ্রামে দুইজন, রাজশাহী ও খুলনায় একজন করে মারা যান।

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

৯ জেলায় নতুন ডিসি

৯ জেলায় নতুন ডিসি

 

দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

বিস্তারিত আসছে...

মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত

ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত

 

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরের পাহাড়তলীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক।

নিহত ব্যক্তি ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে। তার নাম নিজামউদ্দীন। ঘাতক ব্যক্তির নাম সালাউদ্দিন কামরুল। তিনি ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

 

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার (২৭ জানুয়ারি) ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন।

দেশের ইতিহাসে প্রথম ভ্যাকসিন গ্রহণ করবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। তার সঙ্গে আরও দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন।

এছাড়া চিকিৎসক হিসেবে প্রথম ভ্যাকসিন নেবেনে মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন। আরও দুই চিকিৎসকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আর ভ্যাকসিনেটর হিসেবে ভ্যাকসিন প্রদানের জন্য সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ও দীপালি ইয়াসমিনের নাম রয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। প্রথম টিকা গ্রহীতা হিসেবে রুনা বেরোনিকার নাম থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ না থাকলে তালিকার অপর দুজনের একজনকে টিকা দেয়া হবে।

এ ব্যাপারে জানতে রুন‌ু বেরোনিকার সঙ্গে দুপুর সোয়া একটায় যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতাল পরিচালক তাকে ডেকে পাঠিয়েছেন। তবে প্রথম টিকা গ্রহীতা হিসেবে তিনি তাৎক্ষণিকভাবে অনুভূতি জানাতে রাজি হননি।

শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন

  

ডা. দীপু মনি বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্য শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে যাবে। পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক। শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হয় না। তাই সব শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রস্তুতি নিতে বলেছি। এবার জাতীয় উপদেষ্টা কমিটির পরামর্শ নেয়া হবে। এরপরই ঘোষণা করব কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।’

এর আগে এইচএসসি ফল প্রকাশে আইন পাসের সময় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, বিল তিনটি পাসের পর প্রজ্ঞাপন করতে দুইদিন সময় লাগবে। এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব।

দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও কোভিড-১৯ এর কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই একই অবস্থা। আমরা যাদের উন্নত বিশ্ব বলি, আমরা যাদেরকে অনেক সময় ফলো করার চেষ্টা করি, সেসব জায়গাতেও কিন্তু একই পদ্ধতিতে অটোপাসের ফলাফল দেয়া হয়েছে। আমরা হঠাৎ করে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া এ সিদ্ধান্ত নেইনি। এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের, অভিভাবকদের, শিক্ষকদের কোভিড-১৯ সংক্রমণ হওয়ার যে সম্ভাবনা ছিল, তা থেকে দূরে রাখতে পেরেছি। তাদের রক্ষা করার আমাদের যে প্রচেষ্টা ছিল, তা করেছি। আমরা সফল হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এখানে বলা হয়েছে, মেধাবীরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা ঠিক অনেক সময় হয়তো অনেকে কোনো পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে না কিন্তু অন্য কোনো একটি পেশায় বা অন্য কোনো জায়গায় হঠাৎ করে অনেক ভালো করে। কিন্তু এটা সব সময় হয় না। মেধাবীদের একটা ধারাবাহিকতা থাকে। আমরা পূর্বের দুটি পাবলিক পরীক্ষা এসএসসি এবং জেএসসি ফলাফলের ভিত্তিতে ফলাফল দেব। কারণ যারা মেধাবী তারা কিন্তু এই দুটি পরীক্ষায় ভালো ফলাফল করে। তারা তাদের মেধার স্বাক্ষর রেখে এসেছে। কাজেই শুধু মেধাবীরা কেন, কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।’

দেশে প্রথমবারের মতো বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন

দেশে প্রথমবারের মতো বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন

 

'হাতের লেখা দিবসের অঙ্গীকার লেখা হোক সুন্দর ও পরিষ্কার' প্রতিপাদ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও 'বিশ্ব হাতের লেখা দিবস' উদযাপন করা হয়েছে। দিবসটি ১৯৭৭ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে এবারই প্রথম বাংলাদেশে দিবসটি উদযাপন করা হলো।

আজ শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে 'হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' এর ব্যানারে এ দিবসটি পালন করা হয়।

jagonews24

সংগঠনটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খোরশেদ আলম ভুঁইয়া বলেন, হাতের লেখা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল শিল্প। যা সবার কাছে সমাদৃত ও সুন্দর ব্যক্তিত্বের পরিচায়ক। শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া সহজ হয়। পেশাগত জীবনেও সুন্দর হাতের লেখার গুরুত্ব ব্যাপক।
তিনি আরও বলেন, অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর এ সমাজে হাতের লেখা শিল্পের চর্চা বিলুপ্তপ্রায়। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেজন্য শিক্ষার্থীদের সিলেবাসে সুন্দর হাতের লেখাকে অন্তর্ভুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানে হাতের লেখার শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন।

jagonews24

এসময় অন্যদের মধ্যে হস্তলিপিবিদ আনিসুর রহমান নাঈম, দিলীপ অধিকারী, জিয়াউর রহমান, এ এম মিজানুর রহমান, সাঈদুর রহমান, দীপংকর বৈরাগী ও মাজহারুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা/আহত/আটক ইত্যাদি বিষয়ে প্রতিনিয়ত বিজিবি ও বিএসএফ-এর বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও ব্যবস্থা নেয়া হয়। এসব কারণে সীমান্ত অপরাধসহ চোরাচালান আশাতীতভাবে হ্রাস করা সম্ভব হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সংসদ সদস্য মশিউর রহমান রাঙার প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মানবাধিকার সংস্থার মতে, ২০০০-২০১৯ সালের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে কমপক্ষে ১ হাজার ১৮৫ জন বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ। গত ১০ বছরের তুলনায় ২০২০ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সর্বাধিক বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

যদিও দিল্লি প্রতিবার আশ্বাস দিয়ে এসেছে, এই হত্যাকাণ্ড শূন্যে নামানো হবে। কিন্তু ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বরের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে কমপক্ষে ৪৫ জন বাংলাদেশি নাগরিককে গুলি বা নির্যাতন করে হত্যা করে বিএসএফ। ২০১০ সালের পর সীমান্ত হত্যা কমতে শুরু করেছিল। পরে সেটি আবার বেড়ে যায়। ২০১৯ সালে বিএসএফের গুলি বা নির্যাতনে সর্বাধিক ৪৩ জনের মৃত্যু হয় বলে মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে আসে।

সংসদে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিককালে সীমান্ত এলাকার জনগণের মধ্যে ও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে কনফিডেন্স বিল্ডিংয়ের নানা উদ্যোগ নেয়া হচ্ছে যা সীমান্ত উত্তেজনা প্রশমনে সহায়ক। টহল কার্যক্রমের পাশাপাশি অবৈধভাবে যাতে কেউ শূন্য লাইন অতিক্রম না করতে পারে সে ব্যাপারে সীমান্তবর্তী এলাকায় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সীমান্তে বসবাসরত জনসাধারণের মাঝে বিজিবি নিয়মিতভাবে প্রেষণা প্রদান করছে। তবে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নের যথেষ্ট অবকাশ রয়েছে বলে প্রতীয়মান।

সীমান্তে বিএসএফ বা ভারতীয় নাগরিকের দ্বারা বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়ে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সরকার এ ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, ‘২০১০ সালের গত ২২ থেকে ২৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে বিএসএফ একমত পোষণ করেছিল। সীমান্ত হত্যাসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ শূন্যের কোটায় আনার নিমিত্তে চলতি বছরের ১ জানুয়ারি হতে বিজিবি-বিএসএফ রাত্রিকালীন যৌথ টহল পরিচালনা করছে। এছাড়াও সীমান্ত এলাকা নজরদারিতে রাখার জন্য বিজিবি ইউনিটগুলো সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।’

‘সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা চিহ্নিত করে সেসব স্থানগুলো সমন্বিত টহল কার্যক্রমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। এক বিওপি থেকে পার্শ্ববর্তী বিওপির মধ্যবর্তী দূরত্ব কমানো জন্য ১২৮টি বর্ডার সেন্ট্রি পোস্ট (বিএসপি) নির্মাণ করা হয়েছে। এছাড়া বিজিবির দ্বারা সীমান্ত এলাকায় সার্ভেলেন্স সিস্টেম স্থাপনের জন্য ৩২৮ কি.মি. স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে যশোরের পুটখালি সীমান্তে ১৩ কিলোমিটার, সাতক্ষীরা জেলার মাদরা সীমান্তে ১১ কিলোমিটার, দিনাজপুর জেলার হিলি সীমান্তে ১৫ কিলোমিটার, কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তে ১০ কিলোমিটারসহ সর্বমোট ৪৯ কিলোমিটার এলাকায় সার্ভেলেন্স সিস্টেম স্থাপন করা হয়েছে।’

‘এছাড়াও টেকনাফ-২ (কক্সবাজার) সীমান্তে ৫৫ কিলোমিটার, নওগাঁ জেলার হাপানিয়া-করমডাংগা সীমান্তে ১০ কিলোমিটার, চাঁপাইনবাবগঞ্জ-জহরটেক সীমান্তে পর্যন্ত ১৫ কিলোমিটারসহ সর্বমোট ৮০ কিলোমিটার এলাকায় বর্ডার সার্ভেলেন্স অ্যান্ড রেসপন্স সিস্টেম স্থাপনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। অবশিষ্ট ১৯৯ কিলোমিটার এলাকায় বর্ডার সার্ভেলেন্স অ্যান্ড রেসপন্স সিস্টেম স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

‘সীমান্তে টহল তৎপরতার মাধ্যমে নজরদারি বৃদ্ধির জন্য বিওপিতে মোটরসাইকেল ও অল ট্রেইন ভেহিক্যাল (এটি) বরাদ্দ করা হয়েছে। গত ৯ মার্চ ২০১৮ তারিখে যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর দুটি বিওপির (দৌলতপুর ও কল্যানী) দায়িত্বপূর্ণ ৮.৩ কিলোমিটার এলাকাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। উক্ত এলাকাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করায় ওই এলাকার সীমান্ত অপরাধসহ চোরাচালান আশাতীতভাবে হ্রাস করা সম্ভব হয়েছে এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।’

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

 

করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ ব্যাপারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা এতে খুব বেশি উপকৃত হতে পারছে না। তাই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক।

বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের দুইজন সংসদ সদস্য এই দাবি করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন আরও বলেন, তিস্তা নদী তার এলাকার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীতে পানি নেই। হেঁটেই নদী পার হওয়া যায়। ভারত থেকে যে পানি আসে তা খুবই সামান্য। এতে আবাদের কাজ হয় না। তিস্তা চুক্তি বাস্তবায়ন হলো না। যত দ্রুত সম্ভব এই চুক্তি করা গেলে ওই অঞ্চলের মানুষ যথেষ্ট উপকৃত হবে।

সরকারি দলের আরেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া উচিত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেন তিনি।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান ও পর্যটন খাত। শুধু আমাদের দেশ নয়, সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে করোনার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন নির্দেশনা ও কর্মসূচির কারণে আমরা অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। করোনার সময় বিমান বন্ধ ছিল, সারাবিশ্বেই ছিল। তারপরও আমরা বিমানকে সচল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা চেষ্টা করেছি ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেয়ার। এখনো অনেক দেশে বিমান বন্ধ আছে। কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে বিমান চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে আরও দুইটি নতুন অত্যাধুনিক বিমান আসছে। এ বিমান দুইটি করোনাভাইরাস নিষ্ক্রিয় করার ক্ষমতাসম্পন্ন বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা কক্সবাজার বিমানবন্দরকে অ্যাভিয়েশন হাব হিসেবে উন্নীত করা। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। কক্সবাজার বিমানবন্দরে একটি আন্তর্জাতিক টার্মিনাল তৈরি করা হবে।

সরকারি কাজেও পরিবেশবান্ধব ইট ব্যবহার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সরকারি দলের আনোয়ারুল আবেদিন খান। তিনি বলেন, ২০১৯ সালে সংসদে পরিবেশবান্ধব ইট ব্যবহার নিয়ে একটি আইন পাশ হয়েছিল। কিন্তু আইন পাশের পর সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এটি করার অর্থ কী?

স্থানীয় সরকার, গণপূর্ত, শিক্ষা প্রকৌশল কোনো বিভাগই টেন্ডারে পরিবেশবান্ধব ইট ব্যবহারের কথা উল্লেখ করেন না। যে কারণে এই ইট ব্যবহার হচ্ছে না। তিনি বলেন, এক কিলোমিটার রাস্তা করতে ৮৫ লাখ টাকা লাগে। প্রধানমন্ত্রী টাকা দিচ্ছেন। কিন্তু রাস্তা করার পর ছয়মাসও রাস্তা ধরে রাখা যায় না।

এছাড়াও সরকারি দলের সাংসদ এস এম শাহজাদা, সংরক্ষিত নারী আসনের খালেদা খানম, স্বতন্ত্র সংসদ রেজাউল করিম প্রমুখ আলোচনায় অংশ নেন।

সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

করোনায় সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ

করোনায় সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ

 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৭৩৬ জন নতুন করে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জনে। করোনা রোগী বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি।

একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৭৩৬ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১৬ জন।


শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

রাজারবাগে সম্প্রসারিত পুলিশ শপিং মলের উদ্বোধন

রাজারবাগে সম্প্রসারিত পুলিশ শপিং মলের উদ্বোধন

 

রাজারবাগ পুলিশ লাইনসে সম্প্রসারিত পুলিশ শপিং মলের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশের এই শপিং মলের উদ্বোধন করা হয়।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ শপিং মল সম্প্রসারিত করে দ্বিতীয় তলায় উন্নীত করা হয়েছে। এ পুলিশ শপিং মলে নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী পুলিশ সদস্যরা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।’

এছাড়াও রাজারবাগ পুলিশ লাইনস মডেল মেস-৫ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

 

রাজধানীর আগারগাঁও এবং শ্যামলী শিশুমেলা এলাকায় সড়ক ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি)। অভিযানে প্রায় ৭০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বেলা সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল পর্যন্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আকরাম জাগো নিউজকে বলেন, শ্যামলী ও আগারগাঁও এলাকায় অনেকগুলো সরকারি-বেসরকারি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালকে কেন্দ্র করে আশপাশের রাস্তা ফুটপাতে অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল। এতে ফুটপাত দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছিলেন না। এজন্য ফুটপাতে থাকা খাবারের দোকান, বসতি, চিকিৎসাসামগ্রী বিক্রির অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

নতুন ১৮ ওয়ার্ডের বাসিন্দারা পাবেন ৪ লেনের সড়ক : মেয়র আতিক

নতুন ১৮ ওয়ার্ডের বাসিন্দারা পাবেন ৪ লেনের সড়ক : মেয়র আতিক

 

নবগঠিত ১৮টি ওয়ার্ডের উন্নয়নে সরকার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সেখানকার ১৮ ফিটের রাস্তা নতুন করে ৪ লেন করতে হবে।’

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভা ও ‘সবার আগে ঢাকা অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নতুন ১৮টি ওয়ার্ড যেখানে আগে ৮টি ইউনিয়ন ছিল সেখানকার মানুষ অনেক কষ্টে আছে। তবে আপনারা জেনে খুশি হবেন, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে সরকার ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন হবে।

চার লেনের সড়কের কথা উল্লেখ করে মেয়র বলেন, এটি ভাসানটেকের মতো ছোট কোনো রাস্তা না, এটা অনেক বড় কাজ। শুধু রাস্তা করে দিলাম তারপর বর্ষাকালে রাস্তা নষ্ট হবে এমন ডেভেলপমেন্ট চাই না। আমরা স্থায়ী ডেভেলপমেন্ট চাই। চার লেনের রাস্তা করতে গেলে সেখানে কাদের কাদের বাসাবাড়ি আছে সেটা জরিপের মাধ্যমে অধিগ্রহণ করতে হবে, যোগ করেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, সবার ঢাকা অ্যাপের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হবে। আমাকে যেমন জনগণের কাছে প্রত্যেকটি কাজের জন্য জবাবদিহি করতে হয়, তেমনি প্রত্যেক কাউন্সিলরকেও কিন্তু তাদের কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একইভাবে সিটি করপোরেশনের সবাইকেও জনগণের সামনে জবাবদিহি করতে হবে।

মেয়র আতিক বলেন, সিটি করপোরেশনের কর্মীদের বলেছি, আমি ফিফথ গিয়ারে গাড়ি চাই না। গাড়ির গতি হতে হবে সেভেনথ গিয়ারে। কাউন্সিলরদেরও একই কথা বলেছি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ছাড়াও আরও বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।