কানাডায় করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভে সংক্রমণের হার উদ্বেগজনকহারে বাড়ছে। স্বাস্থ্যবিধি ও সরকারি বিভিন্ন বাধা-নিষেধের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।
তবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে এরই মধ্যে টিকা পেয়েছে কানাডা। প্রথম চালানে আগেই ফাইজারের টিকা পেয়েছে দেশটি। দ্বিতীয় চালানে কানাডায় পৌঁছেছে মর্ডানার টিকাও। দ্রুত দেশটি টিকা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ফলে বিভিন্ন প্রদেশের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ) টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শেষ হওয়ার আগেই কানাডাকে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা সরবরাহ করছে মডার্না। সেটির অংশ হিসেবে প্রথম চালানের টিকা পেল দেশটি।
এক টুইটে জাস্টিন ট্রুডো বলেন, এ মাসের শেষে যে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা পাওয়ার কথা, তারই অংশই এটি। মডার্না আমাদের মোট ৪০ মিলিয়ন ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার কানাডার স্বাস্থ্যবিভাগ মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তারা জানায়, মার্কিন প্রতিষ্ঠানটির এ টিকা সুরক্ষিত, কার্যকরি এবং মানসম্পন্ন।
কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চাপ বেড়েছে।
কানাডায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ২১৩ জন। মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৭’শ ১৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৬৫ জন।
আহসান রাজীব/এএএইচ/এমএস
