বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

বিজয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান বাধা দুর্নীতি : মোস্তফা

 

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান বাধা দুর্নীতি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বলতে হয় অনেক দিকে উন্নয়নের পথে বাংলাদেশ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হয়েছে। কিন্তু লাগামহীন দুর্নীতির কারণে জনগণ সে উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না।মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) নয়াপল্টনে আনোয়ার জাহিদ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর থেকে প্রায় পাঁচ দশক হতে চলেছে। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল হচ্ছে না এখনও। তবু আমরা আশাবাদী। প্রকৃত অর্থে দেশ স্বাধীন হলেও রাজনৈতিক কিংবা অর্থনৈতিক মুক্তি হয়নি। সবাই যেভাবে আয় করে সে তুলনায় ব্যয় অনেক বেশি। আবার রাজনৈতিক অধিকারগুলো কমে গেছে। আগে যেভাবে অনেককিছু বলতে পারতো এখন আর সেভাবে পারে না।

ন্যাপ মহাসচিব বলেন, দেশে চরম দারিদ্র্য না থাকলেও, অথবা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মাথাপিছু রোজগার ইত্যাদি ক্ষেত্রে উন্নতি হলেও, অর্থ-বিত্তের দিক থেকে মানুষের মাঝে বৈষম্য কিংবা শহর-গ্রামের ফারাক আজও প্রকট। আবার সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের অশংগ্রহণ কেবল নির্দিষ্ট শ্রেণির মাঝে সীমাবদ্ধ রয়ে গেছে।

তিনি বলেন, বিজয়ের ৪৯ বছরে রাজনৈতিক সহনশীলতার অভাব বড় ধরনের সংকট তৈরি করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যের অভাব। হিংসা এবং প্রতিহিংসা তাদের মধ্যে। এটা একটি কঠিন অবস্থা আমাদের জন্য।

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুজ্জামান চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লা নাফিয়ী, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, লোকশক্তি পার্টির সভাপতি শাহিকুল আলম টিটু, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, এনডিপি ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, দেলোয়ার হোসেন, সেলিম মিয়াজী, কবি জুলহাস চৌধুরী পলাশ প্রমুখ।

কেএইচ/বিএ/জেআইএম


শেয়ার করুন