শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

টেস্ট দলে পরিবর্তন নয়, ওয়ানডেতে আসতে পারে নতুন মুখ!

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দরজায় কড়া নাড়ছে। এখন এই সিরিজকে নিয়েই সব চিন্তাভাবনা। যেহেতু টেস্ট আর ওয়ানডে দুই ফরমেটেই খেলা হবে, তাই টাইগার ভক্ত-সমর্থকদের মনে একটি প্রশ্ন স্বভাবতই ঘুরপাক খাচ্ছে- ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে কেমন হবে দল?

সেই প্রশ্নের জবাব যার সবচেয়ে বেশি জানার কথা, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের সঙ্গে আলাপে যা বললেন, তাতে একটি কথা পরিষ্কার-টেস্ট দলে নতুন মুখের অর্ন্তভুক্তির সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। তবে ওয়ানডেতে কারও ভাগ্যের দরজা খুলতেও পারে।

আসলে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্সের নিরিখে টেস্ট দল বাছাইয়ের কোনো যুক্তি দেখেন না নান্নু। প্রধান নির্বাচক মনে করিয়ে দিলেন, দুই ফরমেটের হিসেব আলাদা।

নান্নু বলেন, ‘আমরা লাল ও সাদা বলের জন্য আলাদা দৃষ্টি ভঙ্গিতে ক্রিকেটার নির্বাচনের কাজ করব। সেখানে হুট করে কোন নতুন পারফরমারকে নেয়ার প্রশ্নই আসে না। আগে যারা টেস্ট খেলেছে, যারা লাল বলে প্রতিষ্ঠিত পারফরমার, তাদের অগ্রাধিকার থাকবে এবারও। তাই আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নতুন কাউকে নেয়ার সুযোগ দেখি না।’

‘আর বঙ্গবন্ধু কাপ ছিল টি-টোয়েন্টি আসর। ক্রিকেটের এই ছোট্ট ফরম্যাটের সাথে টেস্টের কোনই মিল নেই। এই আসর দেখে কাউকে টেস্টে নেয়ার প্রশ্নই আসে না। আমরা তাই পুরনো ও পরীক্ষিত পারফরমারদের দিয়েই টেস্ট স্কোয়াড সাজাতে চাই।’

প্রধান নির্বাচকের কথা শুনে মনে হয়েছে, তারা টেস্টের মতো কঠিন ফরমেটে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষায় যেতে নারাজ। এমনকি ওয়ানডে দলেও তারা ঢালা কোনো পরিবর্তনের কথা ভাবছেন না।

ক্যারিবীয়দের সাথে টি-টোয়েন্টি সিরিজ না থাকলেও আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানেও কি কোনো নবীন পারফরমারকে সুযোগ দেয়ার চিন্তাভাবনা নেই? পারভেজ ইমন, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম রবি, রাকিবুল হাসানের মতো তরুণদের কি সীমিত ওভারের দলেও আসার সম্ভাবনা নেই?

এ প্রশ্নের জবাব দিতে দিয়ে নান্নুর কথা, ‘হ্যাঁ, আছে। তবে ঢালাও পরিবর্তনের সুযোগ নেই ওয়ানডে দলেও। ওই ফরম্যাটের স্কোয়াডেও আছে পরীক্ষিত পারফরমার। তারপরও দুই একজন নতুন মুখের সম্ভাবনা আছে।’

এদিকে কারও নাম আলাদা করে উল্লেখ না করলেও প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে এক ঝাঁক তরুণকে। ঐ ফরম্যাটে পরিবর্তনের সম্ভাবনা আছে প্রচুর।

নান্নুর ভাষায়, ‘আমরা টি-টোয়েন্টি দলটি নতুন করে সাজানোর কথা ভাবছি। সেই দলে জায়গা হতে পারে কিছু তরুণের। ওই দল সাজাতে গিয়ে কজন তরুণের ওপর চোখ আছে আমাদের। টি-টোয়েন্টি স্কোয়াডে তাই তরুণদের সুযোগ ও সম্ভাবনা আছে পরিষ্কার।’

এআরবি/এমএমআর/এমকেএইচ


শেয়ার করুন