
নির্মাতা আদিত্য জনির পরিচালনায় কবি মিজানুর রহমান বেলালের রচনায় সম্প্রতি নির্মিত হলো তিনটি নাটক। নাটকগুলো হলো- ‘তুমি কথা রাখোনি’, ‘নায়িকাপ্রীতি’ ও ‘তোমার নাম কি?’। তিনটি নাটকের শ্যুটিং শেষ হয়েছে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে।
‘তোমার নাম কি’ নাটকে দেখা যাবে, এক অচেনা-অজানা মেয়ের উপিস্থিতে চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বিয়ে ভেঙে যায়। সেই মেয়ে কথাও বলতে পারে না। পুরো বাড়ি ও মহল্লায় মেয়েটিকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। থানা-পুলিশ, খবরের কাগজ মেয়েটিকে নিয়ে রীতিমতো নানা ঘটনার জন্ম দেয়। নাম না জানা মেয়েটি নিয়ে চৌধুরী পরিবার নানা ভয়ঙ্কর সমস্যায় পড়ে।অবশেষে মেয়েটির পরিচয় পাওয়া যায়। চৌধুরী পরিবার প্রশংসিত হয় সারাদেশে। তবে মেয়েটির সাথে চৌধুরীর ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয় আরেক জটিলতা। নাটকে দেখা যাবে টানটান রহস্যমতা। ভিন্ন ধরনের এ নাটকে অভিনয় করেছেন- তানিয়া বৃষ্টি, নিলয় আলমগীর, রেবেকা, আজম খান, শুভ রাজ, সায়মা রুশা, রুস খান, কাকা মাসুদ, শান্তা প্রমুখ।
‘তুমি কথা রাখোনি’ নাটকে দেখা যাবে, প্রেম-ভালোবাসা ও যাপিত জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা। এক মেয়ে ও এক ছেলের ভালোবাসার একটি কথা না রাখার কারণে নানা সমস্যায় পড়তে হয় পুরো পরিবারকে। এমনকি পরিবার, মহল্লা বা সমাজে এমন কিছু ঘটনার সৃষ্টি হয়, যা কেউ প্রত্যাশা করে না।
নগরের যাপিত জীবনের হাহাকার, বেদনা, হাসি-কান্না নিখুঁতভাবে ফুটে ওঠেছে নাটকে। সেই সাথে, মধ্যবিত্ত মানুষের সম্পর্ক ভাঙা-গড়ার বিভিন্ন ঘটনার কারণে স্বাভাবিবক জীবনের নানা অসঙ্গতির মেসেজ নিয়ে নির্মিত হয় নাটকটি। এতে অভিনয় করেছেন- নিলয় আলমগীর, হিমি, আজম খান, রেবেকা, শুভ রাজ, রুস খান, বনি আমিন, টুটুলসহ অনেকে।
‘নায়িকাপ্রীতি’ নাটকে দেখা যাবে, এক জনপ্রিয় নায়িকার স্বাভাবিক জীবন-যাপন কেমন? তিনি সুখ-দুঃখ ও স্বাভাবিক জীবনের নানা সমস্যা নিয়ে কিভাবে দিন পার করেন। নায়িকা হয়ে ওঠার পেছনে কার কার অবদান থাকে। ফ্যানদের ভালোবাসা কখনো কখনো কী রকম অসহ্য পীড়া দেয়।কীভাবে একজন নায়িকার সংসার ধূলিঘরের মতো অনায়াসে ভেঙে যায়। তাই নায়িকার জীবনচক্র নিয়ে নির্মিত হলো নাটক ‘নায়িকাপ্রীতি’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আরফান আহম্মেদ, হিমি, কল্যাণ কোরাইয়া, রেবেকা, আনোয়র, শুভ, রুস খানসহ অনেকে।
নির্মাতা আদিত্য জনি বলেন, ‘তিনটি গল্পের কনসেপ্টই অসাধারণ। সমাজ ও পরিবারের মেসেজ আছে। মিজানুর রহমান বেলালের চমৎকার তিনটি গল্পে নাটকগুলো নির্মাণ করলাম। দর্শক আনন্দ পাবেন। তিনটি নাটক শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
এসইউ/এলএ/জেআইএম