সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

জাপানে জরুরি অবস্থা ঘোষণা করতে স্থানীয় সরকারের অনুরোধ

 

জাপানে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে জরুরি পদক্ষেপ নিতে স্থানীয় সরকার অনুরোধ জানিয়েছে। সোমবার টোকিওর গভর্নর কোইকে ইউরিকো, করোনা মোকাবিলার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

কোইকে বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। পরীক্ষায় সংক্রমিত নিশ্চিত হওয়া লোকজনের সংখ্যা এবং চিকিৎসা সেবা ব্যবস্থার বর্তমান পরিস্থিতির আলোকে, অবিলম্বে লোকজনের চলাচল সীমিত করার প্রয়োজনীয়তা থাকায় আমরা অনুরোধ জানাই।’

নিশিমুরা বলেন, ‘মহানগর এলাকার মারাত্মক পরিস্থিতি নিয়ে আমরা টোকিও ও অন্যান্য তিনটি জেলার গভর্নরদের সঙ্গে আলোচনা করেছি। সরকারের, বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং এই সময়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনা করতে হবে।’

তিনি, রাত ৮টায় রেস্তোরাঁ বন্ধ এবং সন্ধ্যা ৭টার আগে অ্যালকোহল পরিবেশন বন্ধ করতে দোকানগুলোর প্রতি অনুরোধ জানাতে গভর্নরদের প্রতি আহ্বান জানান। এছাড়া, অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া রাত ৮টার পর বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলেন।

শুক্রবার টোকিওতে, কোভিড-১৯-এ সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া লোকজনের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছায়। চিকিৎসা ব্যবস্থা, বিপুল সংখ্যক রোগীদের আগমন সামাল দিতে চেষ্টা চলছে।

বৈঠকে, সাইতামা, চিবা ও কানাগাওয়া জেলার গভর্নররাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপানে গতবছর এপ্রিলে কয়েকটি জেলায় এবং একই মাসের শেষে সারাদেশে নেয়া জরুরি অবস্থা করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাব প্রতিরোধ করতে সহায়ক হয়।


শেয়ার করুন