সারাদেশে ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তার স্বার্থবিরোধী অপরাধে ৩৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে মাস্কসহ আলু, চাল, পেঁয়াজ, ভোজ্য তেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করেন তারা।

এ সময় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৩৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৮ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজার তদারকিকালে মাস্ক, চাল, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রশিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।
অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান মহাপরিচালক
