এনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই। সরকারের নীরবতাকে দুর্বলতা ভাববেন না।’
শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য দলীয় নেতা-কর্মীদের প্রচার করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনি প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে।
সেতুমন্ত্রী বলেন, যারা এ দেশের স্বাধীনতা মনে-প্রাণে এখনো মেনে নিতে পারেনি, তারা বিজয়ের মাসেও অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
বিএনপিকে ভোটের কোকিল অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য; জনগণের জন্য নয়।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। কবিরহাট কলেজের একসঙ্গে সাতটি ভবন নির্মাণ করা হয়েছে, যা অনেক বড় ঘটনা।
ওবায়দুল কাদের বলেন, ‘নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না। আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে।’
এ সময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান প্রমুখ।
