
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার ডহরশৈলা এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। গতকাল বুধবার রাত একটার দিকে এই দুর্ঘটনার পর আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আজ দুপুরে পাকশী রেল বিভাগ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিলম্বে চলা ট্রেন দুটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস এবং রংপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী রংপুর এক্সপ্রেস। বিকল্প পথে চলা ট্রেনগুলোর মধ্যে ছিল পঞ্চগড় এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস।
পাকশী বিভাগীয় রেলওয়ের কন্ট্রোল অফিসার শহিদুল ইসলাম বলেন, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলেও ট্রেনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মমতাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুস সুবহানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।