ব্যাংক হলিডের কারণে একদিন আগেই আয়কর রিটার্ন জমা দেয়ার সময় শেষ হচ্ছে। ৩১ ডিসেম্বরের পরিবর্তে করদাতারা আগামীকাল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।
গত নভেম্বর মাসের শেষ দিকে করদাতাদের ভিড় ও আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে দেয় এনবিআর। ৩০ নভেম্বর ছিল রিটার্ন জমা দেয়ার শেষ দিন। তবে এক মাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়।
